প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের কিছু কথা
| সম্মানিত অভিভাবকবৃন্দ,
সালাম ও শুভেচ্ছা,
বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মরহুম উকিল ছিদ্দিক মিঞা বি. এ. বি. এল, ও তাঁর সহযোগীদের এক অমর কীর্তি। শিক্ষার্থী বহুল এক অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। কালের পথ
পরিক্রমায় বহু চড়াই উৎড়াই পেরিয়ে আজ চন্দনাইশে এ বিদ্যালয়টি চতুর্থ বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। জে.এস.সি. এবং এস.এস.সি. এর গৌরবদীপ্ত ফলাফলেও আশাতীত অবদান রাখছে।
সচেতন অভিভাবকবৃন্দ ঃ
আপনারা জানেন “শিক্ষা” একটি ত্রিমুখী প্রক্রিয়া। শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রয়াস ও সুসম্পর্কের দ্বারা এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হতে পারে। এ সম্পর্ককে আরো অর্থবহ ও জোড়ালো করার মানসে আমরা প্রবর্তন করেছি শিক্ষার্থীদের দিনলিপির ব্যবস্থা। এতে রয়েছে একজন শিক্ষার্থীর উপস্থিতি, অনুপস্থিতি ও পাঠোন্নতির পরিপূর্ণ চিত্র এবং পরীক্ষার ফলাফল বিবরণী। এতদ সংগে সংযোজন করা হয়েছে অভিভাবকের সুচিন্তিত মতামত প্রকাশের বিষয়টি।
প্রিয় অভিভাবকবৃন্দ ঃ
আপনার ছেলেমেয়েকে সময়ের মূল্যজ্ঞান শেখানো বিষয়ে আপনাদের সহযোগিতা আমাদের অনেক বেশি কাজে আসবে। তাই আমরা আশা করছি নিয়মিত এ দিনলিপি পর্যবেক্ষণ করে শিক্ষার্থী সম্পর্কে শিক্ষকের মূল্যায়ন ও পরামর্শের বিষয়ে অবহিত হবেন এবং মাঝে মাঝে শ্রেণি শিক্ষক ও প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় করবেন। বিজ্ঞ পরিচালনা পরিষদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণ করবেন। এতে আপনার সন্তানের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা আমাদের জন্য সহজতর হবে। দুঃখজনক হলেও সত্য যে, আপনাদের মধ্যে এমন অনেক অভিভাবক আছেন যারা সারা বছর বিদ্যালয়ে আসেন না, নিজ সন্তানের পাঠোন্নতির বিষয়ে খবরাখবর রাখেন না অথচ বার্ষিক পরীক্ষা / নির্বাচনী পরীক্ষায় ফেল করলে প্রমোশনের জন্য নানা সুপারিশ নিয়ে আমাদের বিড়ম্বনায় ফেলে দেন। মনে রাখবেন এতে আপনি নিজেই নিজের সন্তানের ক্ষতি করছেন এবং ভবিষ্যতে আরো বেশি দুর্বল হতে সহযোগিতা করছেন। ভিত্তি মজবুত না হলে বেড়ে উঠা যে কোন জিনিস ঝড়-তুফানে সহসা ভেঙ্গে পড়তে পারে, তাই দুর্বল ভিত্তি নিয়ে আপনার সন্তান ভবিষ্যতে জীবন সংগ্রামে পরাজিত হোক সেটা আমরা চাই না।
আসুন, আমরা সম্মিলিত ভাবে জাতির আশা-আকাঙ্খার প্রতীক কোমলমতি শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালিত করে সুশিক্ষিত, দেশাত্ববোধ সম্পন্ন, সচেতন ও সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার নিমিত্তে কাজ করি।
শুভেচ্ছান্তে-
আবুল কালাম তালুকদার, প্রধান শিক্ষক, বি.এ., বি.এড, TQI SEP শিক্ষা প্রসাশন ও ব্যবস্থাপনা।